পরিবার থেকে বিদায় নিয়ে ঢাকায় বিএনপি-জামায়াত: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৬:৫৮ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামীকাল ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ। ইতিমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন জামায়াত-বিএনপির নেতাকর্মীরা। তারা পরিবার থেকে বিদায় নিয়ে গেছেন। তার অর্থ কি? তারা আমাদের অর্জনগুলো, জাতির ও দেশের অর্জনকে নস্যাৎ করতে চায়।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে রায়পুর সরকারি কলেজের নবনির্মিত ৬ তলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামীকাল দেশের প্রথম কর্ণফুলীর নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন জামায়াত-বিএনপি সহিংসতা করার প্রস্তুতি নিয়েছে। স্বাভাবিকভাবে দেশবাসীর কাছে নানা আশঙ্কা জন্ম দিয়েছে।

তিনি বলেন, জামায়াত-বিএনপি যেন দেশে কোনো বিশৃঙ্খলা না ঘটাতে পারে। আমরাও প্রস্তুত আছি। আওয়ামী লীগ জনগণের দল হিসাবে, আমরা জনগণের পাশে আছি। আওয়ামী লীগ উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী। শান্তি না থাকলে উন্নয়ন করা সম্ভব নয়। দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকারের পাশাপাশি দল হিসাবে আমরা রাজপথে থাকবো। মানুষের জানমাল রক্ষার স্বার্থে জনগণ ও আমাদের সঙ্গে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত