রূপগঞ্জে যানবাহনশূন্য দুই মহাসড়কে যাত্রী ভোগান্তি চরমে

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১০:২৯ এএম

বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে যানবাহনশূন্য হাওয়ায় যাত্রী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। যাতায়াতের জন্য পরিবহন না পেয়ে হতাশায় ভুগছেন যাত্রীরা।

আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই এ চিত্র দেখা যায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, বরপা, বিশ্বরোড এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের কাঞ্চন মায়ার বাড়ি, কালাদী ও তিনশ ফুট সড়কে।

স্থানীয় এলাকাবাসী ও যাত্রীসাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ সমাবেশ করবে। আর নয়াপল্টনে বিএনপি সমাবেশ করবে। আর মুখোমুখি অবস্থান নিয়ে দুই দলের সমাবেশকে কেন্দ্র করে মহাসড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তির যেন শেষ নেই। বিশেষ করে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন পরিবহন একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কিছু কিছু জায়গায় লেগুনা ও ব্যাটারিচালিত অটো চলতে দেখা গেছে। এদিকে, রূপগঞ্জ থেকে কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাস চালু থাকলেও যাত্রী নেই বললেই চলে।

বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রূপগঞ্জে ছোট-বড় সব মিলিয়ে প্রায় দুইশ শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিল্পপ্রতিষ্ঠানে লাখো শ্রমিক-কর্মচারী কাজ করেন। তারা যাত্রীবাহী বাসযোগে এসব প্রতিষ্ঠানে যাওয়া-আসা করে থাকেন প্রতিদিন। সমাবেশকে কেন্দ্র করে পরিবহন ব্যবস্থা না থাকায় তারা রিকশা ভ্যানে করে কর্মস্থলে যেতে হচ্ছে। এতে করে ৫ টাকা থেকে ১০ টাকার ভাড়ার স্থলে ১০০ থেকে ১৫০ টাকা গুনতে হচ্ছে। আবার কেউ কেউ পায়ে হেঁটেও কর্মস্থলে যাচ্ছেন। এতে করে সময়মতো কর্মস্থলে অনেকেই যেতে পারছেন না এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

এদিকে, দুই দলের সমাবেশকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে রাজধানীর প্রবেশমুখ রূপগঞ্জে পুলিশ বিভিন্ন যানবাহনে ব্যাপক তল্লাশি করেছে। রাজধানীতে কোনোপ্রকার প্রবেশ দেওয়া হচ্ছে না যাত্রীবাহী যানবাহন। গত শুক্রবার বিকেল থেকেই পুলিশ ব্যাপক তল্লাশি চালাচ্ছে রাজধানীর প্রবেশমুখে। এতে করে সাধারণ যাত্রীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম শাহেদ বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আমাদের। নিয়মিত তল্লাশির অংশ এটি। অপরাধীদের কোনোপ্রকার অপরাধ করতে দেওয়া হবে না। নাশকতামূলক কর্মকাণ্ড কেউ যদি স্বপ্নেও চিন্তা করেন, তাহলে ভুল করবেন। রূপগঞ্জ থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা প্রস্তুত। রাজধানীর প্রবেশমুখসহ সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত