'ভারতে আমাদের সেরা শ্যুটার আছে', মুকেশ আম্বানিকে হত্যার হুমকি

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০২:৫৮ পিএম

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে সম্প্রতি ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে। মেইলে বলা হয়েছে, অবিলম্বে ২০ কোটি রুপি চাঁদা না দিলে তাকে গুলি করে হত্যা করা হবে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শনিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার পাঠানো হুমকির সেই ইমেইলে মুকেশ আম্বানিকে উদ্দেশ্য করে বলা হয়, ‘আপনি যদি আমাদের ২০ কোটি রুপি না দেন, তাহলে আপনাকে হত্যা করা হবে। ভারতের সেরা কয়েকজন শ্যুটার আমাদের হাতে রয়েছে।’

ইমেইলটি পাওয়ার পরপরই মুম্বাই পুলিশের কাছে অভিযোগ জানান মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলার নিরাপত্তা কর্মকর্তারা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতোমধ্যে হুমকিদাতা সেই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ।

মুম্বাই পুলিশ জানিয়েছে, শাদাব খান নামের এক ব্যক্তির ইমেইল অ্যাকাউন্ট থেকে এসেছে এই হুমকি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে।

যদিও মুকেশ আম্বানিকে লক্ষ্য করে অবশ্য এটিই প্রথম হুমকি নয়। গত বছর টেলিফোনে এক ব্যক্তি আম্বানির বাসভবন অ্যান্টিলা ও তার প্রতিষ্ঠিত হাসপাতাল এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। পরে তাকে বিহার থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত