স্পেনের একটি ক্যাথলিক গির্জায় ১৯৪০-এর দশক থেকে দুই লাখের বেশি শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। দেশটির মানবাধিকারবিষয়ক ন্যায়পালের কার্যালয় থেকে করা এক তদন্তে এমন তথ্য পাওয়া গেছে। গত শুক্রবার স্পেনের পার্লামেন্টে তদন্ত প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
বিবিসি বলছে, দেশটির প্রতি ২০০ নাগরিকের মধ্যে একজনের বেশি ক্যাথলিক গির্জায় যাজকের হাতে নিপীড়নের শিকার হয়েছে বলে মনে করা হচ্ছে। এ ধরনের ঘটনায় আগে হওয়া তদন্তগুলোর তুলনায় এবারের সংখ্যাটি অনেক বড়। এবারের তদন্তের নমুনা হিসেবে আট হাজারের বেশি মানুষের জবানবন্দি নেওয়া হয়েছে। স্পেনের মানবাধিকারবিষয়ক ন্যায়পাল অ্যাঞ্জেল গ্যাভিলোন্দো বলেন, নমুনা হিসেবে নেওয়া মানুষদের শূন্য দশমিক ৬ শতাংশ বলেছেন, শৈশবে গির্জায় যাজকের হাতে নিপীড়নের শিকার হয়েছেন তারা। গির্জার আওতাধীন পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করে জবানবন্দি নেওয়ার পর দেখা গেল, এ হার আরও বেড়েছে। ১ দশমিক ১৩ শতাংশ মানুষ বলেছেন, যৌন নিপীড়নের শিকার হয়েছেন তারা।
