সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে বিএনপির আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গতকাল শনিবার সরকারবিরোধী সমাবেশ করেছে ‘গণতন্ত্র মঞ্চ’, গণ অধিকার পরিষদ (নুর-রাশেদ) ও গণতান্ত্রিক বাম ঐক্যজোট।
গতকাল বিকেল ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারবিরোধী জোট গণতন্ত্র মঞ্চের সমাবেশ হয়। এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আজকে (গতকাল) সারা দিন যা হয়েছে তা সবাই দেখেছে। সরকারের পতনের চূড়ান্ত লড়াই শুরু হয়েছে।’
অন্যদিকে গতকাল বেলা ১১টার দিকে পুরানা পল্টনের বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় সরকারবিরোধী সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ (নুর-রাশেদ)। এ সময় দলের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘কোনো বিচারক সরকারবিরোধী কোনো নেতাকর্মীকে মিথ্যা অভিযোগের মামলায় সাজা দিলে সেই বিচারকের স্ত্রী-সন্তানদের ঘেরাও করা হবে। এমনকি রাষ্ট্রপতি যদি চলমান এই রাজনৈতিক সংকট সমাধানে উদ্যোগ না নেন তাহলে বঙ্গভবনও ঘেরাও করা হবে।’
গতকাল সৃষ্ট সংঘাতময় পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করে নুরুল হক নুর বলেন, ‘দুএক জায়গায় অ্যাকশন শুরু হলেই ওরা (সরকার) পিছু হটবে। শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন-সংগ্রাম চলবে।’ এ সময় তিনি নেতাকর্মীদের ঢাকা ছেড়ে না যাওয়ার অনুরোধ করেন। সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক শাকিল মিয়া প্রমুখ।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘দখলদার সরকার আমাদের ওপর নতুন করে আরেকটি মুক্তিযুদ্ধ চাপিয়ে দিয়েছে। এই যুদ্ধ ভোটের ও গণতন্ত্রের অধিকারের লড়াই। এই লড়াইয়ে সরকারকে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য করব।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘সরকার এখন নানাভাবে জনগণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। কিন্তু তাদের উদ্দেশে বলতে চাই, সরকার বাহাদুর, জনগণ আপনাদের ষড়যন্ত্র বুঝে গেছে। এই ফ্যাসিবাদী সরকারের তা-বে জনগণ এখন ভয় পায় না।’
বিএনপিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তারা (বিএনপি) পাল্টাধাওয়া করে পুলিশ ও সরকারের গু-াদের পিছু হটতে বাধ্য করেছে। এই সরকারকে পিছু না হটিয়ে আমরা ঘরে ফিরে যাব না। তাদের গলায় গামছা বেঁধে টেনে নামানো হবে।’
সমাবেশে বিএনপি আহূত আজকের হরতালের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ। ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।
গতকাল দুপুর ১২টার দিকে প্রেস ক্লাবের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্যজোট। এ সময় বক্তব্য দেন সংগঠনের সমন্বয়কারী শামসুল আলম, সাম্যবাদী দলের (একাংশ) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী প্রমুখ।
