পুলিশের টিয়ার শেলে আহত সাংবাদিকের মৃত্যু

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০১:৪৮ এএম

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের সময় পুলিশের টিয়ার শেলে আহত বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেস ক্লাবে সদস্য রফিক ভূঁইয়া মারা গেছেন। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার দুপুরে তার মৃত্যু হয়। ডিইউজের বিএনপি অংশের সভাপতি শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া বিএফইউজের ওই অংশের নেতা এম আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অবিভক্ত বিএফইউজে ও সিইউজের নেতা রফিক ভূঁইয়া ইন্তেকাল করেছেন। তিনি লিখেছেন, ‘শনিবার দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশাযোগে জাতীয় প্রেস ক্লাবে যাওয়ার সময় সেগুন বাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পৌঁছালে পুলিশের টিয়ার গ্যাসের কবলে পড়ে রিকশা উল্টে ছিটকে পড়েন তিনি। পরে বারডেম হাসপাতালে নিলে ডাক্তার জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিদেশে অবস্থানরত দুই ছেলে দেশের পথে রয়েছেন। তারা দেশে ফেরার পর তাকে দাফন করা হবে।’

চট্টগ্রামে থাকাকালে রফিক ভূঁইয়া ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। বিএফইউজের প্রথম কমিটিতে ছিলেন নির্বাহী সদস্য। একসময় চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ সোসাইটির প্রথম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত