‘অপরিচিত’ মাঠ সমস্যায় ফেলেছে সাকিব-বাবরদের

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৯:০৩ পিএম

ভারতের মাটিতে বাংলাদেশ বিরাট কোহলিদের হারিয়েছেন। তবে সেটা টি-টোয়েন্টিতে। তিন ম্যাচের সিরিজটি বাংলাদেশ জয় দিয়ে শুরু করেছিল ২০১৯ সালে। সেবারই গোলাপী বলের টেস্ট খেলেছিল দুই দল। সাদা পোশাকের সিরিজে টাইগারদের পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই। কিন্তু শচিন টেন্ডুলকারদের দেশে কখনও ওয়ানডে খেলা হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের। বিসিসিআই যে আমন্ত্রণই জানায় না সেভাবে। তবে দেশের কয়েকজন ক্রিকেটার আইপিএল খেলেন নিয়মিত। সেটাই পুঁজি লাল-সবুজদের।

কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের সবাই ভারত এলেন এই প্রথমবার। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষিক সিরিজ হয় না দুই দেশের। ভারত যায় না পাকিস্তানে। বাবর আজমরা আসেন না রোহিত শর্মাদের দেশে। মোহাম্মদ রিজওয়ান কিংবা শাদাব খানদের ভাগ্যে লেখা নেই আইপিএলও। ভারতের মাটিতে এটাই তাদের প্রথম সফর।

তবে বাংলাদেশ কিংবা পাকিস্তান কেউই এখানে খেলে না নিয়মিত। আজ সংবাদ সম্মেলনে যদিও ভারতীয় এক গণমাধ্যমকর্মী প্রশ্ন করেছিলেন অন্যভাবে। এই মাঠ বাংলাদেশের কাছে পরিচিত, আর এখানে পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে। তাই প্রত্যাশাটা কি জানতে চাইলে সাকিব উত্তরে বলেন, এটা তাদের কাছেও পরিচিত মাঠ নয়।

বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এই মাঠ আমাদের কাছেও পরিচিত না। কারণ আমরা তো ভারতে কখনও ওয়ানডে সিরিজই খেলিনি। যারা শুধু আইপিএল খেলেছে, তাদের কাছেন কন্ডিশন একটু পরিচিত। সেটাও হাতে গোণা কয়েকজনের। তাদের অভিজ্ঞতা নিয়েই আমাদের চেষ্টা করতে হবে।’

অন্যদিকে পাকিস্তান কোচ গ্র্যান্ট ব্র্যাডফোর্ডও বলেছেন একই কথা। দ্বিপাক্ষিক সিরিজ হয় না দুই দেশের। তাই ক্রিকেটারদের কাছে প্রতিটি মাঠ ও মাঠের আচরণ অচেনা।

বলেছেন, ‘আমরা একটি অবস্থানে আছি, যা আমরা চাইনি। টুর্নামেন্টের এই পর্যায়ে আমাদের অবস্থান মজবুত নয়। এটা দলের মনোবল ভেঙেছে। তবে সবাই মিলে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। তাছাড়া টুর্নামেন্টটা হচ্ছে বিদেশের অচেনা কন্ডিশনে। আমাদের কোনো ক্রিকেটারই এর আগে এখানে খেলতে আসেনি। প্রতিটি ভেন্যুই তাদের কাছে নতুন। যার মধ্যে ইডেন গার্ডেনসও।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত