বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবনে তালা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসে তালা ঝুলিয়ে দেন। পরে সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে তালা খুলে দেন নিরাপত্তাকর্মীরা।
তালা দেওয়া ভবন তিনটি হলো বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন, কৃষি অনুষদ ভবন ও ড. মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৫টার দিকে ছাত্রদলের ৫-৭ জন নেতাকর্মী বাইকে করে গিয়ে ভবন দুটিতে তালা লাগিয়ে দেন। এসময় তালার সঙ্গে 'অবরোধ' লেখা সম্বলিত একটি প্লাকার্ড ঝুলিয়ে দেন তারা। তালা লাগানোর সময় ছিলেন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, সাধারণ সদস্য ও বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মী আব্দুল্লাহ আল নাফী, আব্দুল্লাহ আল নিশাত, সামাদ মুবিন, সিয়াম বিন আইয়ুব প্রমুখ।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী ও সদস্যসচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের নির্দেশেই এ তালা লাগানো হয়েছিল বলে জানিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিষয়টি জানতে পেরে নিরাপত্তা প্রহরীদের তালা খুলে দিতে বলেন। পরে সকাল ৮টার দিকে তালা খুলে দেওয়া হয়।
এ বিষয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিরাপত্তা প্রহরী আলমগীর হোসেন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে বাইকের আওয়াজ শুনেছি। পরে বাইরে এসে দেখি কারা যেন গেটে তালা ঝুলিয়ে দিয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন বলেন, স্বৈরাচার সরকারের পতনের দাবিতে আমরা আন্দোলন করছি। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে। তাই তিন দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আমরা একাডেমিক ভবনে তালা লাগিয়েছি।
তালা লাগানোর ঘটনা স্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুদ্দিন চৌধুরী সানিন বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও শেখ হাসিনার পতনের দাবিতে আমাদের দল তিন দিনের অবরোধ কর্মসূচি দিয়েছে। ভোটের অধিকার প্রতিষ্ঠায় অবরোধকে সমর্থন জানিয়ে আমরা কর্মসূচির অংশ হিসেবে একাডেমিক ভবনে তালা ঝুলিয়েছি। আমাদের পর্যায়ক্রমে এমন কর্মসূচি পালিত হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, কারা যেন কয়েকটি একাডেমিক ভবনে একটা করে তালা লাগিয়েছিল। গার্ডকে সেগুলো খুলে ফেলতে বলা হয়েছে। সকাল ৮টার দিকে তারা তালা খুলে দিয়েছে। এছাড়া ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকালের বাসগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ক্যাম্পাস থেকে ছেড়ে গেছে।
