অবরোধ

ঈশ্বরদীতে যানবাহন ভাঙচুর, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৪:০৪ পিএম

পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সড়কে আগুন দিয়ে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে টানা ৭২ ঘণ্টার অবরোধের সমর্থনে মিছিল বের করে বিএনপি। একই সময়ে দাশুড়িয়ায় বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে ঈশ্বরদীতে অবরোধ সমর্থিত বিএনপি নেতারা সকালে শহরের রেলগেট এলাকায় অবস্থান নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে পাঁচটি সিএনজি ও অটোরিকশা এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে। সে সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ছাড়াও অবরোধকারীরা ঈশ্বরদী শহরের বিমানবন্দর সড়কেও বেশকিছু যানবাহন ভাঙচুর করে সড়কে অগ্নিসংযোগ করে। পরে তারা ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে অবস্থান নিয়ে অবরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।

অপরদিকে অবরোধের সমর্থনে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় তারা অবরোধের পক্ষে এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ এসে ওই এলাকায় টহল জোরদার করে।

এদিকে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন চলতে দেখা গেছে। তবে ঈশ্বরদী থেকে দুরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি।

ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। দুপুরে কলকাতা ও ঢাকার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশন অতিক্রম করেছে। এ ছাড়া সাগরদাঁড়ি, টুঙ্গিপাড়া ও মহানন্দা ট্রেনও অতিক্রম করেছে নির্বিঘ্নে। শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, সকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত