নারীর বীরত্বের গল্পে দীপনের স্পাই থ্রিলার সিনেমা

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৩:১৬ পিএম

চতুর্থ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় নারীর বীরত্বের গল্প তুলে ধরা হবে বলে এক ফেসবুক স্ট্যাটাসে জানান তিনি।

নির্মাতার ভাষায়, এটা ঐতিহাসিক স্পাই থ্রিলার, যা সংগঠিত হয়েছিল নারীদের দ্বারা। প্ল্যানিং থেকে এক্সিকিউশন সব বাংলার নারীদের দ্বারা হয়েছিল। ইতিহাসের আধিপত্যে চাপা পড়ে যাওয়া বাংলাদেশের অসীম সাহসী ও বুদ্ধিমতী একদল নারীর বীরত্বের সত্যকথন, যা একই সাথে সাদা এবং কালো। এই গ্রে টোনের গল্প নিয়ে চলছে বিস্তর গবেষণা।

গল্প প্রসঙ্গে কিছুটা ধারণা দিয়ে দীপন বলেন, ‘শতবর্ষ আগের এই বীরগাঁথার শেকড় তারও প্রায় ১৫০ বছর আগের ঘটনা প্রবাহ থেকে। তাই একটু পেছন থেকে শুরু করতে হচ্ছে। একটু মানে একটু নয়, প্রায় ২৫০ বছর আগে থেকে। এসব করতে গিয়েই সময়টা বেশি লাগে—এবার আর অত বেশি নয় আট মাসের মধ্যে আসবে নারী প্রধান এই সিনেমাটি।’

নির্মাতা জানান, শিগগিরই ছবিটির ঘোষণা আসবে। এখনও পাণ্ডুলিপি গোছানো কাজটি চলছে। সব ঠিক থাকলে আগামী বছর এটি নিয়ে মাঠে নামবেন তিনি।

দীপংকর দীপনের সর্বশেষ সিনেমা ‘অন্তর্জাল’ হচ্ছে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা। এতে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত