গত ২৮ অক্টোবর সমাবেশে দায়িত্ব পালনকালে নিহত পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলামের পেনশনের চেক প্রদান করা হয়েছে। এ ছাড়া মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে আনুতোষিক সুবিধা প্রদান করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
গতকাল বুধবার দুপুরে ডিএমপি সদর দপ্তরের নিজ কার্যালয়ের কক্ষে নিহত আমিরুলের পরিবারের কাছে তিনি পেনশনের চেক, ভবিষ্যৎ তহবিলের জমাকৃত অর্থ ও ল্যামগ্রান্ডের সমুদয় অর্থ প্রদান করেন। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) একে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ডিএমপি কমিশনার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘আমরা ঢাকা মেট্টোপলিটন পুলিশ ৩৪ হাজার সদস্য নিয়ে একটি পরিবার। আমিরুলের পরিবারও আমাদের পরিবার। যেকোনো প্রয়োজনে ঢাকা মহানগর পুলিশ তাদের পাশে থাকবে।’ এ সময় আমিরুলের ছোট্ট মেয়ে তার বাবার চেয়ে বড় পুলিশ হওয়ার আশা প্রকাশ করেন।
