দিল্লির দূষণের জেরে শনিবার দুপুরের অনুশীলন বাতিল করে দিল শ্রীলঙ্কা। শুক্রবার একই কাজ করেছিল বাংলাদেশ। তবে শনিবার তারা অনুশীলনে নেমেছে। কিন্তু ক্রিকেটারদের বেশিরভাগেরই মুখে ছিল মাস্ক। তাই পরেই অনুশীলন করলেন তাঁরা। সোমবারের ম্যাচে দূষণের উপর আলাদা করে নজর রাখা হবে বলে জানিয়েছে আইসিসি। ইঙ্গিত দেওয়া হয়েছে, দূষণের মাত্রা না কমলে ম্যাচ শুরু না-ও করা হতে পারে।
দিল্লির বায়ু দূষণের মাত্রা ৪০০ ছাড়িয়ে গিয়েছে। আইসিসি-র এক প্রতিনিধি এক ক্রিকেট ওয়েবসাইটকে বলেছেন, 'আইসিসি এবং বিসিসিআই ক্রিকেটারদের সুস্থ রাখার ক্ষেত্রে সর্বতোভাবে কাজ করছে। দিল্লির বায়ু দূষণের মাত্রা সর্ব ক্ষণ নজরে রাখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হয়েছে।'
সাধারণ ভাবে ঝড় বা বৃষ্টির কারণে যেভাবে কোনও ক্রিকেট ম্যাচকে গুরুত্ব দেওয়া হয়, সেই একই পরিমাণ গুরুত্ব পাচ্ছে দূষণও। পরিস্থিতি খেলার উপযুক্ত কি না, সেটা আইসিসি-ই সিদ্ধান্ত নেবে। আজ সন্ধা ৬টা থেকে বাংলাদেশের অনুশীলন করার কথা ছিল। নির্ধারিত সময়েই গোটা দল হাজির হয়ে যায়। সেখানে শরিফুল ইসলাম-সহ একাধিক ক্রিকেটারকে মাস্ক পরে অনুশীলন করতে দেখা গিয়েছে।
শনিবার বাংলাদেশ দলের ডিরেক্টর খালেদ মাহমুদ বলেছেন, 'বৃহস্পতিবার থেকেই এখানকার পরিস্থিতি খারাপ। তাই আমরা ঝুঁকি নিইনি। গত কাল অনেক ক্রিকেটার বাইরে ঘুরতে বেরিয়েছিল। তাদের কাশি হয়েছে। তাই এই দূষণে অনুশীলন করলে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।'
১৩ জন ক্রিকেটার অনুশীলনে দেখা গেছে। পরের দিকে মাস্ক খুলেই রানিং আর ইনডোরে নেটে নক করেন কয়েকজন।
