ঢাবির চারুকলা অনুষদের গেটে তালা ছাত্রদলের

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০২:১৫ এএম

বিএনপির ডাকা অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের গেটে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এসময় গেটে ‘মেরামতের কাজ চলছে’, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত লেখা সম্বলিত একটি ব্যানার ঝুলিয়ে দেন তারা।

শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে চারুকলা ইনস্টিটিউটের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার এ ঘটনা ঘটে।

ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল চারুকলা অনুষদের গেটে তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবরোধের সমর্থনে চারুকলার গেটে তালা দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচি পালন করবে।

হরতাল-অবরোধে সক্রিয় অংশগ্রহণ করতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে। মূল ক্যাম্পাসে প্রবেশ করতে না পারলেও আশেপাশে ঝটিকা মিছিল করছে প্রায় প্রতিদিন। নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, এবার শুধু ঝটিকা মিছিল নয় ক্যাম্পাসে অবরোধ কর্মসূচি পালন করবে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান ও গুরুত্বপূর্ণ ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হবে। প্রয়োজনে এরচেয়েও হার্ডলাইনে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ছাত্রদল নেতারা।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, আমাদের আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। ক্যাম্পাসেই আমরা চূড়ান্ত আন্দোলনে নামব।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা দেশ বাঁচানোর আন্দোলনকে সমর্থন করে। ক্যাম্পাসে আমরা অবরোধ কর্মসূচি পালন করব। আর তাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আমাদের আন্দোলনে সমর্থন জানাবে বলে আমরা বিশ্বাস করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত