চট্টগ্রামে ডাকা হরতালে পিকেটিং করতে গিয়ে ৪০ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে মহানগর বিএনপি। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি করেন মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলী
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধ ও হরতাল পিকেটিং করার সময় ডবলমুরিং থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন সোহেল, বায়েজিদ থানা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন চাঁন মিয়া ও মুনির, নগর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন সাবু, পাহাড়তলী ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ওমর ফারুক ও শাহ আলমসহ ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে নগরের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল-সমাবেশ ও পিকেটিং করে।
এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগেও ষোলশহর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের ৯৫ শতাংশ জনমত এবং জাতিসংঘসহ গোটা বিশ্বের আহ্বান উপেক্ষা করে শেখ হাসিনা আবারও আরেকটি একতরফা পাতানো নির্বাচন আয়োজনে মরিয়া হয়ে উঠেছে। পুলিশ প্রশাসনকে সর্বশক্তি নিয়ে মাঠে নামিয়েছে বিরোধীদলকে দমন করে পুরোনো কায়দায় নতুন কোনো ফর্মুলায় ভোটের নাটক মঞ্চস্থ করার জন্য। পুলিশ নানা অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে।
