সাংবাদিকদের কাদের

বিএনপি সন্ত্রাসী দল, সংলাপের পার্ট শেষ হয়ে গেছে

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০২:৩১ এএম

বিএনপিকে ‘সন্ত্রাসীদের দল’ আখ্যায়িত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের বলেছেন, ‘দলটির সঙ্গে সংলাপ হতে পারে না। সংলাপের পার্ট শেষ হয়ে গেছে। এক সময় বলেছিলাম শর্ত তুলে নিলে সংলাপ হতে পারে, সেই সময় শেষ।’

গতকাল রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দুই দল আবার কে? সংলাপ সন্ত্রাসীর সঙ্গে হয় না। এবার আরও প্রমাণ করেছে। তারা আগুন সন্ত্রাসের দল। এখন তারা যা করছে এরপর আর সংলাপের পরিবেশ নেই।’

বিএনপি নেতারা পাহাড়ের গুহায় বসে কথা বলছেন, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের দেখা যায় না। বিএনপির এক কোটি নেতাকর্মীকে ঘরছাড়া করা হয়েছে, আর আট হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, এসব মুখে না বলে তারা তালিকা দিক। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই তালিকা দেব। তাদের এক কোটি নেতাকর্মী ঘরছাড়া, আট হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা মিথ্যা। এসব মিথ্যা কথা বলে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে।’

২৮ অক্টোবর বিএনপির নেতাদের নির্দেশে সন্ত্রাস হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘তাদের বিচার হতেই হবে। ২৮ অক্টোবর পুলিশ পিটিয়ে হত্যা করেছে। এই অপরাধের ব্যাপারে কি ছাড় দেওয়া হবে? না, ছাড় দেওয়া হবে না। সাংবাদিকদের পিটিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। পুলিশ হাসপাতালে হামলা করেছে। এই অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে না? তাদের কি ছাড় দেওয়া উচিত?

তিনি বলেন, ‘বিএনপি নেতা রুহুল কবির রিজভী থাকুক না বাইরে। দু-একজন কথা বলার লোক থাকা দরকার। তবে ইচ্ছে থাকলেও অনেক সময় গ্রেপ্তার করা যায় না। তাদের তো বিভিন্ন সারির নেতারা রয়েছে। তাদের আসল নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো আছেই। সে স্কাইপেতে বিদেশ থেকে নির্দেশ দিচ্ছে।’

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২টি দেশের বাজার থেকে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া নানা ব্র্যান্ডের পোশাক তুলে নেওয়া হচ্ছে বলে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন প্রকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘১২ দেশ পোশাক নেবে না, এটা গুজব। এ খবরের কোনো ভিত্তি নেই।’

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা হবে বলে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচনে ৮টি বুথে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্রের মূল্য ৫০ হাজার টাকা। এবার কেউ অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করতে চাইলে করতে পারবেন। তবে কবে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে, সেটা জানাব।

বর্তমানে আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা। তা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির কার্যনির্বাহী বৈঠকে তা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত