২০ গাড়ি জ্বলল দ্বিতীয় দফায়

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৮:৪৬ এএম

বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের শেষ দিন গতকাল সোমবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যানবাহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর, সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের ১১টি যানবাহনের পাশাপাশি আগুন দেওয়া হয়েছে রেলপথেও। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে বেশ কিছু যানবাহন। এসব সহিংসতায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। এর আগের দিন রবিবার ৯টি গাড়িতে আগুন দেওয়া হয়।

দ্বিতীয় দফার অবরোধের শেষ দিনে রাজধানীর সড়কে ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক থাকলেও গণপরিবহনের সংখ্যা ছিল কম। কিছু গণপরিবহন থাকলেও যাত্রীর চাপের তুলনায় তা ছিল নগণ্য। অন্যদিকে মহাসড়কগুলোর কোথাও কোথাও পণ্যবাহী যান চলেছে পুলিশ পাহারায়, আর দূরপাল্লার বাস চলাচলে নিরাপত্তা দিয়েছে র‌্যাব।

দ্বিতীয় দফার অবরোধের শেষ দিনে গতকাল দুপুরে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর বিকেলে মিরপুর-১০ নম্বর গোলচত্বর মেট্রোরেল স্টেশনের নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনকারী একটি বাসে এবং মিরপুর এলাকায় দিশারি পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া রাত পৌনে ৯টার দিকে খিলক্ষেত ফ্লাইওভারের পাশে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম জানান, গত রবিবার ভোর ৪টা থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা ২১টি পরিবহনে আগুন দেয়। তিনি আরও জানান, তাদের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, দিনের চেয়ে রাতে অগ্নিকাণ্ড বেশি ঘটেছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, দূরপাল্লার বাস চলাচলে র‌্যাব নিরাপত্তা দিচ্ছে। অবরোধে দেশব্যাপী র‌্যাবের ৪৬০টি টহল দল কাজ করছে। তারা সম্মিলিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রেখেছে। পাশাপাশি পণ্য ও যাত্রীবাহী পরিবহনের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন দূরপাল্লার পরিবহনের মালিকদের সঙ্গে সমন্বয় করে দূরপাল্লার বাসগুলোকে একটি নির্দিষ্ট সময়ে এসকর্ট দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল মিছিল করেন বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। সকাল থেকে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ মিছিল করেন বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ (একাংশ), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), সমমনা রাজনৈতিক জোট, ১২-দলীয় জোট এবং আমার বাংলাদেশ পার্টির (এবি) নেতাকর্মীরা। সকাল সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে বিএনপি। ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনের নেতৃত্বে সকালে রাজধানীর মগবাজারে বিক্ষোভ মিছিল ও রেললাইন অবরোধ করেন দলটির নেতাকর্মীরা। বনানীতে কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। দুপুরে হাইকোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে শাহবাগ পর্যন্ত মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদল নেতাকর্মীরা। বিএনপির সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে শান্তিনগর মোড় থেকে মালিবাগ মোড় পর্যন্ত মিছিল করেন নেতাকর্মীরা। সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে মিছিল করেন ছাত্রদল নেতাকর্মীরা। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা মিছিল করেন ফকিরাপুল এলাকায়।

সকালে পুরানা পল্টন, বিজয়নগর পানির ট্যাংকি ও নাইটিঙ্গেল মোড় এলাকায় মিছিল করে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। বিজয়নগর এলাকায় দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুল ওহাবের নেতৃত্বে মিছিল করেন এবি পার্টির নেতাকর্মীরা। এলডিপির নেতাকর্মীদেরও বিজয়নগর ও পুরানা পল্টন এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করতে দেখা গেছে। গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানের মধ্যে মিছিল করলেও বাধা দিতে দেখা যায়নি। রাজধানীর ৯টি জায়গায় মিছিল করে সড়ক ও রেলপথ অবরোধ করার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী।

ঢাকার বাইরের চিত্র : গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে কেপি পরিবহনে এবং গাজীপুর মহানগরের সদর থানার শিববাড়ীর-শিমুলতলী সড়কের বটতলা এলাকায় গাজীপুর পরিবহনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে কেপি পরিবহনে এবং রবিবার রাত ২টার দিকে গাজীপুর পরিবহনে আগুন দেওয়া হয়। অন্যদিকে গতকাল ভোরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের টঙ্গী-জয়দেবপুর স্টেশনের মাঝামাঝি সামান্তপুর এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে বিক্ষোভ করেন জামায়াত-শিবিরের কর্মীরা।

চট্টগ্রামে গতকাল একটি বাস ও একটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয়েছে একটি কাভার্ড ভ্যান। গতকাল ভোরে নগরীর আতুরার ডিপো এবং জেলার আনোয়ারা থানায় এসব ঘটনা ঘটে। এর আগে রবিবার রাত ১১টায় নগরের অক্সিজেন মোড় এলাকায় ঈশা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

বগুড়ার শাজহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় মহাসড়কে পানিবাহী একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজশাহীর মোহনপুরে মুরগির খাবারবোঝাই একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

ফেনীর বড়বাজারে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। এ ছাড়া শহরের তাকিয়া রোডে মালবাহী দুটি ট্রাক ভাঙচুর করে তারা। ঢাকার সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কে গতকাল ভোরে অবরোধের সমর্থনে টায়ারে অগ্নিসংযোগ করা হয়।

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছে চট্টগ্রাম ব্যুরো এবং সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত