রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবিদের নিয়ে গড়া আফগানিস্তানের স্পিন বোলিং বিভাগ। যেকোনো দলের জন্য তারা ভয়ংকর। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ অবশ্য বললেন, আফগান স্পিনারদের নিয়ে সতর্ক তারা। সঙ্গে বাংলাদেশের স্পিনারদের কথাও বলতে ভুলেননি তিনি।
আজ আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে সেমিফাইনালে খেলতে দুই দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। জিতলেই শেষ চারে খেলা নিশ্চিত হয়ে যাওয়ার কথা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। হারলেও থাকবে সুযোগ। আফগান ম্যাচের পর তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। তখন সাকিবদের বিপক্ষে জিততেই হবে তাদের। আফগানদের অবশ্য এই ম্যাচ জিতলেই চলবে না, জিততে হবে পরেরটিও।
এই দুই দলের বিপক্ষে খুব একটা ম্যাচ খেলা হওয়া না অস্ট্রেলিয়ার। আফগানিস্তানের কেবল তিনটি ওয়ানডে খেলেছে তারা। আর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সবশেষ দেখা ২০১৯ বিশ্বকাপে।
তাই দুই দলের স্পিনারদের নিয়েই সতর্ক থাকার কথা বললেন স্মিথ, ‘দুই দলেই (আফগানিস্তান ও বাংলাদেশ) দারুণ কিছু স্পিনার আছে। মাঝের ওভারগুলোয় স্পিনারদের বড় প্রভাব থাকে এবং আমরা এটাও জানি বিশ্বকাপে মাঝের ওভারগুলোর ব্যাটিং খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। ইনিংস গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। তাই এসব ম্যাচেও (প্রস্তুতিটা) আলাদা কিছু হবে না, আর সেটা ভালো স্পিনারদের বিপক্ষে।’
আগামী ১১ নভেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
