'আইন সম্পর্কে অজ্ঞরাই ক্রিকেটীয় চেতনার দোহাই দেয়'

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৩:১৬ পিএম

অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’ করা নিয়ে কেউ কেউ সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছেন। বেশিরভাগই বলছেন, এমন আউট ক্রিকেটীয় চেতনার পরিপন্থী। ভারতীয় স্বনামধন্য ধারাভাষ্যকার হার্শা ভোগলের মতে, ক্রিকেটীয় চেতনা যুক্তি হিসেবে দুর্বল।

আইসিসির নিয়ম অনুযায়ী, নতুন ব্যাটসম্যান হিসেবে দুই মিনিটের মধ্যে প্রথম বল মোকাবেলা করতে হতো ম্যাথুসকে। কিন্তু হেলমেট সমস্যার কারণে তিনি বেশি সময় নিয়ে নিলে সাকিব আবেদন জানান টাইমড আউটের। এতে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে অদ্ভুত এই আউটের শিকার হন ম্যাথুস।

ম্যাথুসের ‘টাইমড আউট’ ঘিরে মাঠে যেমন উত্তেজনা ছড়িয়ে পড়ে, মাঠের বাইরেও চলছে বিতর্ক। হার্শা ‘টাইমড আউট’ নিয়ে এক্সে (সাবেক টুইটার) নিজের মতামত তুলে ধরেছেন। ‘ম্যাথুস-সাকিব ইস্যুতে আমার ভাবনা’ শিরোনামে তিনি লিখেছেন, ‘আপনাকে আম্পায়ারদের ওপর বিশ্বাস রাখতে হবে। তাঁরা যদি বলেন যে দুই মিনিট অতিবাহিত হয়েছে, তাহলে মেনে নিতে হবে। কারণ, তাঁরা অনেক অভিজ্ঞ এবং খুব ভালো আম্পায়ার। তাঁদের এ ধরনের ভুল করার সম্ভাবনা কম। দ্বিতীয়ত, আইনের অজ্ঞতা থাকলে আত্মপক্ষ সমর্থন করা যায় না। যদি আইন থাকে এবং আপনি তা লঙ্ঘন করেন, তাহলে আপনি নিজেকে সমর্থন জানানোর মতো অবস্থায় নেই।’

সাকিবের আবেদন করা নিয়ে এত আলোচনার কোনো কারণ দেখেন না হার্শা, ‘আবেদন করার অধিকার সাকিবের ছিল। তার আবেদন জানানো উচিত ছিল কি ছিল না, সেই সিদ্ধান্ত আমাদের নয়। এটা তার সিদ্ধান্ত, তিনি এভাবেই খেলতে চান।’

টাইমড আউট আর মানকাডিংকে এক ভাবতে মানা করেছেন হার্শা, ‘নন স্ট্রাইকারের প্রান্ত থেকে অনেক সামনে দাঁড়িয়ে থাকার সঙ্গে এই ঘটনা একেবারে আলাদা। সেখানে ব্যাটসম্যান অন্যায্য সুবিধা চাইছেন বা পাচ্ছেন। তাই সম্ভব হলে বোলারকে অবশ্যই রানআউট করতে হবে। কিন্তু এখানে ম্যাথুস কোনো সুবিধা চাচ্ছিলেন না বা পাচ্ছিলেন না। ব্যাটসম্যানরা নিয়মিতভাবেই বোলার বা ফিল্ডারের হাতে বল তুলে দেন এবং কেউ আবেদন করেন না। যদিও সচেতন ব্যাটসম্যানরা জিজ্ঞেস করেন যে, তারা এটা করতে পারেন কিনা। এ ক্ষেত্রেও ম্যাথুস যদি জিজ্ঞেস করে নিতেন, তিনি তার হেলমেট বদলাতে পারে কিনা, আমি নিশ্চিত (বাংলাদেশ দলের পক্ষ থেকে টাইমড আউটের) কোনো আবেদন হতো না। সেই পরিপ্রেক্ষিতে এটা (ম্যাথুসের আউট) দুর্ভাগ্যজনক।'

হার্শা আরও লেখেন, 'আমি সপ্তাহের প্রতিদিনই নন-স্ট্রাইকারকে আউট করব। কিন্তু এর (টাইমড আউটের) জন্য আবেদন করব না।’

ম্যাথুসের আউট নিয়ে ক্রিকেটীয় চেতনা টানার কোনো যুক্তি দেখেন না হার্শা, ‘ক্রিকেটীয় চেতনার বিষয়টি ছেড়ে দিন। এটি একটি দুর্বল যুক্তি। যারা অজ্ঞ বা ভুল করে, তারা প্রায়ই এই যুক্তি তুলে ধরে। আইন আছে এবং আপনি আইনের মধ্যে থেকেই খেলছেন। তা ছাড়া কেউ কীভাবে খেলবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ম্যাথুস এবং শ্রীলঙ্কার সমর্থকরা হতাশ এবং ক্ষুব্ধ হতে পারেন। কিন্তু খেলার নিয়ম অনুযায়ী তিনি আউট ছিলেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত