রাজস্ব ঝুঁকি এড়াতে বন্ড লাইসেন্সের মেয়াদ বর্তমানের দুই বছরের পরিবর্তে তিন বছর করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দুই বছরের নিরীক্ষার পাশাপাশি ন্যূনতম এক বছরের আমদানি-রপ্তানি কার্যক্রম থাকার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সম্প্রতি এনবিআরের কাস্টমস বন্ড উইংয়ের অভ্যন্তরীণ এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা যায়।
মূলত ব্যবসায়ী বিভিন্ন সংগঠনের দাবির প্রেক্ষিতে রপ্তানিকারকদের ব্যয় ও সময় বাঁচাতে বন্ড লাইসেন্সের মেয়াদ তিন বছর করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। বর্তমানের রপ্তানিকারকদের দুই বছর পর এই লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে নিতে হয়।
এনবিআর জানিয়েছে, রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর বন্ড লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নবায়নের ক্ষেত্রে বিগত ৩ বছরের মধ্যে অন্তত ২ বছরের নিরীক্ষা সম্পাদন করা থাকতে হবে। এ ছাড়া এই ৩ বছরের মধ্যে ন্যূনতম এক বছরের আমদানি-রপ্তানি কার্যক্রম থাকতে হবে।
এনবিআর সূত্রে আরও জানা যায়, শতভাগ রপ্তানিমুখী বন্ডেড প্রতিষ্ঠানের প্রতি বছর নিরীক্ষা সম্পাদনের বাধ্যবাধকতা থাকলেও অনেক প্রতিষ্ঠান তা করে না। ফলে লাইসেন্সের মেয়াদ ২ বছরের পরিবর্তে ৩ বছর করা হলে হালনাগাদ নিরীক্ষা সম্পাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া নন কমপ্লায়েন্ট প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হবে এবং রাজস্ব ঝুঁকি বাড়বে। তবে কমপ্লায়েন্ট প্রতিষ্ঠানের জন্য বন্ড লাইসেন্স মেয়াদ তিন বছর করা হলে তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ হবে।
