ইন্দোনেশিয়ায় শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার দেশটির বান্দা সাগর অঞ্চলে ভূমিকম্পগুলো আঘাত হানে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদলু এজেন্সি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের আমবনের প্রায় ৩৭০ কিলোমিটার (২২৯.৯ মাইল) দক্ষিণ-পূর্বে বান্দা সাগরে ৬.৯ এবং ৭ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।
প্রতিবেদনে বলা হয় ভূমিকম্পগুলো স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে অনুভূত হয়েছিল। ভূমিকম্পের গভীরতা কেন্দ্রস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.৩ মাইল) গভীরে পরিমাপ করা হয়েছিল।
তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিডব্লিউটিসি) জানিয়েছে, ভূমিকম্পগুলোর কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।
এছাড়া তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বান্দা সাগর হল প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জকে ঘিরে থাকা চারটি সাগরের একটি।
