শ্রীলঙ্কায় গেলে সাকিবকে পাথর মারবেন ম্যাথিউসের ভাই

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম

অ্যাঞ্জেলো ম্যাথিউস 'টাইমড আউট' হওয়ায় সাকিব আল হাসানের ওপর বেজায় খেপেছেন লঙ্কান অলরাউন্ডারের ভাই। শ্রীলঙ্কায় কখনো সাকিবকে পেলে পাথর মারবেন বলে হুমকিও দিয়ে রেখেছে ত্রিভান ম্যাথিউস।

ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিক্যালের সঙ্গে আলাপকালে ত্রিভান ম্যাথিউস বলেন, ‘সাকিব শ্রীলঙ্কায় আমন্ত্রিত না। সে যদি এখানে আন্তর্জাতিক কিংবা এলপিএল (লঙ্কান প্রিমিয়ার লিগ) খেলতে আসে, তাকে পাথর মারা হবে। অথবা তাকে দর্শকদের বিরূপ মনোভাবের শিকার হতে হবে।’

শ্রীলঙ্কার সঙ্গে লড়াইয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিপক্ষে 'টাইমড আউট' এর আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। এতে আম্পায়াররা ম্যাথিউসকে অদ্ভুত এই আউট দিতে বাধ্য হন। আন্তর্জাতিক ক্রিকেট প্রথমবার সাক্ষী হয় এমন আউটের। যা নিয়ে এখনও চলছে আলোচনা-সমালোচনা।

কারো দাবি, সাকিব নিয়মের সুযোগ নিয়ে তার ক্রিকেটীয় মেধার পরিচয় দিয়েছে, আর কারো কারো মতে টাইমড আউট করিয়ে সাকিব স্পিরিট অব ক্রিকেট নষ্ট করেছেন। সাকিব অবশ্য বলেছেন, তিনি যুদ্ধে ছিলেন আর জয়ের জন্য তখন যা করণীয়, তাই করেছেন। আর ম্যাথিউস বক্তব্য, সাকিবের প্রতি সমস্ত সম্মান হারিয়ে ফেলেছেন তিনি।

নিজের হতাশা ব্যক্ত করে ম্যাথিউসের ভাই বলেন, ‘আমরা খুবই হতাশ। বাংলাদেশি অধিনায়কের কোন স্পোর্টসম্যান স্পিরিট নেই আর তিনি ভদ্রলোকের এই খেলায় কোন মানবিকতা দেখাননি।’

আইসিসির নিয়ম অনুযায়ী, নতুন ব্যাটসম্যানকে দুই মিনিটের মধ্যে প্রথম বলের মুখোমুখি হতে হবে। তা না হলে, তাকে টাইমড আউট দেওয়া হয়। ম্যাথিউসের সময় একটু বেশি লেগে যাওয়ায় তাকে কোনো বল না খেলেই মাঠ ছাড়তে হয়।

টাইমড আউটের শিকার হওয়া ম্যাথিউসের দাবি তাকে আউট করার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। সম্প্রচারকারী প্রতিষ্ঠানের টাইম ফুটেজ ব্যবহার করে আইসিসির কাছে অভিযোগ জমা দেওয়া হবে বলেও জানান অভিজ্ঞ এই অলরাউন্ডার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত