বিকালে বাড়ির পাশেই খেলা করছিল এক শিশু। ওই সময় নিখোঁজ হয় সে। সন্ধ্যা গড়িয়ে রাত বাড়লেও শিশুটি ঘরে না ফেরায় উৎকণ্ঠা বাড়ে স্বজনদের। নিখোঁজের একদিন পরেই প্রতিবেশী এক নারীর শোবার ঘরের খাটের নিচ থেকে শিশুর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। । এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বুধবার (৮ নভেম্বর) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌরশহরের চন্না পাড়া গ্রাম থেকে হাত-পা-মুখ বাঁধা শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীকে আটক করেছে পুলিশ। পুলিশ তাদের পরিচয় গোপন রেখেছেন। আগামীকাল বৃহস্পতিবার এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
মরদেহ উদ্ধার হওয়া শিশুর নাম ইরিকা আক্তার (৫)। সে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের আসাদ মিয়ার মেয়ে। তারা পরিবার নিয়ে চন্নাপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। সেখানে আসাদ মিয়া মাংসের ব্যবসা করেন।
শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, শিশু ইরিকা নিখোঁজের পর সন্দেহজনক প্রতিবেশী দুই নারীকে পুলিশ আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির মরদেহ এক নারীর শোবার ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়।
নিহত শিশু ইরিকার বাবা আসাদ মিয়া জানান, মঙ্গলবার বিকেল বাড়ির কাছে খেলার এক ফাঁকে তার মেয়ে নিখোঁজ হয়। প্রতিদিনের মতো সন্ধ্যায় বাসাতে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন তারা।
শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, হত্যার কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আরও বিস্তারিত জানানো হবে।
