অবরোধের সন্ধ্যায় চাপ বাড়ে রাস্তায়

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম

রাজধানীসহ সারা দেশে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ। চলমান অবরোধে দূর পাল্লার গাড়ি বন্ধ থাকলেও রাজধানীতে যান চলাচল অনেকটাই ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে গাড়ির চাপ বাড়তে থাকে ফলে দেখা দেয় যানজট।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে অবরোধ উপেক্ষা করে গাড়ির চাপ বাড়ে ঢাকার রাস্তায়।  ট্রাফিক সিগনালগুলোতে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি।

বৃহস্পতিবার, শাহবাগ, টিএসসি, নীলক্ষেত, নিউমার্কেট থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতাল হয়ে ধানমন্ডি ৩২ পর্যন্ত বিভিন্ন রাস্তা ঘুরে অবরোধের কোন চিহ্ন পাওয়া যায়নি। বরং ঢাকার ব্যস্থতম এসব এলাকার রাস্তায় দেখা যায়, গাড়ির চাপ। ফলে দেখা যায় তীব্র যানজট।

এসব এলাকার রাস্তাগুলোতে গণ পরিবহনের চেয়ে রিকশা, লেগুনা, সিএনজি ও প্রাইভেট কারের আধিপত্য ছিল বেশি। তবে প্রাইভেট কারের সংখ্যা ছিল চোখে পড়ার মত।

বাসচালক রিপন মিয়া বলেন, গাড়ি বন্ধ থাকলে আমরা খাব কী। আমাদের বাসায় সংসার আছে, বাচ্চাকাচ্চা আছে-তাদের খাওয়াব কী। তাই বাধ্য হয়ে গাড়ি নিয়ে বের হয়েছি। তবে বাস চালাতে গিয়ে প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটে। আপনাদের পত্র পত্রিকায়ই তো দেখলাম গতকাল সন্ধ্যায় ঢাকার রাস্তায় কয়েকটি গাড়ি পুড়িয়ে দিয়েছে।

নীলক্ষেত মোড়ে দেখা যায় গাড়ির লম্বা লাইন। জ্যামে দাঁড়িয়ে কথা হয়, অফিস ফেরত নার্গিস বেগমের সাথে। তিনি দেশ রূপান্তরকে বলেন, বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে জরুরি কিছু কেনাকাটা করি। আজও অফিস শেষ করে এদিকে এসেছি। শুক্রবার ছুটির দিনে ছেলেমেয়েদের সময় দেই।

তিনি বলেন, গতকালের তুলনায় আজ রাস্তায় গাড়ি অনেক বেশি। দেখতেই তো পাচ্ছেন যানজট। তাছাড়া রাজনৈতিক দল হরতাল বা অবরোধ দিলে কী হবে-আমাদের তো প্রয়োজন মেটাতে বাইরে বের হতেই হবে।

রিকশাচালক জুয়েল মিয়া বলেন, দিনে রাস্তায় গাড়ির চাপ কম ছিল। অফিসের ছুটির পর থেকে গাড়ি বাড়ছে। আর এখন তো যানজট ই দেখা দিয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত