'টাইমড আউট খেলোয়াড়দের আবেদনে নয় আম্পায়ার সিদ্ধান্তে হওয়া উচিত'

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৩:০০ পিএম

চলতি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ঘটনা অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট হওয়া। এটা নিয়ে চর্চা যেন থামছেই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগে দিন সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই ওঠে এই বিষয়ে প্রশ্ন। বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এনিয়ে জানান নিজের ভাবনা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ঘটে যাওয়া এই নজিরবিহীন ঘটনাটিকে অনেকেই সাকিবের ‘অখেলোয়াড়সুলভ’ আচরণ বলছেন। অনেকেই আবার সাকিবের পাশে দাঁড়িয়েছেন।

হাথুরুসিংহে টাইমড আউট নিয়ে ব্যক্তিগত মতামত দিয়েছেন আজ। তিনি মনে করেন, যেহেতু এটি ক্রিকেটের আইনের পরিপন্থী কিছু নয়, তাই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার পুরোপুরিই আম্পায়ারদের হাতে ছেড়ে দেওয়া উচিত। খেলোয়াড়দের আবেদনকে প্রাধান্য দেওয়ার কোনো কারণ দেখেন না তিনি।

হাথুরুসিংহের মতে, ‘এ নিয়ে বিতর্ক খুব শিগগিরই থামবে বলে মনে হয় না। আমি মনে করি টাইমড আউটের সিদ্ধান্ত নেওয়ার ভার আম্পায়ারদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। এই আউট ক্রিকেটের আইনের মধ্যেই আছে। আমার মনে হয় না এটা খেলোয়াড়দের আপিলের ওপর নির্ভর করা উচিত। আমি চাই এ সিদ্ধান্তটা আম্পায়ারের দিক থেকেই আসুক। তারাই ঘোষণা করুক, কোনো ব্যাটসম্যান টাইমড আউট হয়েছেন কি না!’

নিয়মানুযায়ী একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর ক্রিজে আসা নতুন খেলোয়াড়কে ২ মিনিটের মধ্যে প্রতিপক্ষের বলের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হতে হবে। কিন্তু ম্যাথিউস এ ক্ষেত্রে একটু বেশিই সময় নিয়ে ফেলেছিলেন। এতে সাকিবের আবেদনের পর তাকে আউট দেন আম্পায়াররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত