ম্যাক্সওয়েল কি কাল খেলবেন!

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম

মঙ্গলবার শেষ ম্যাচে প্রচণ্ড শারীরিক ও মানসিক চাপ নিয়ে অতিমানবীয় ডাবল সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। এর পর থেকেই তিনি আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। সেমির প্রতিপক্ষও ঠিক হয়ে গেছে অজিদের। বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচটি তাই নিয়মরক্ষার ম্যাচ। স্বাভাবিকভাবেই সেই ম্যাচে ম্যাক্সওয়েলকে বিশ্রামে রাখার কথা যেকোনো দলের। তবে দলটি যখন অস্ট্রেলিয়া তখন প্রতিটা ম্যাচেই নিজেদের সেরাটা দেওয়ার পুরোনো রীতি বজায় রাখতেই দেখতে পাওয়ার কথা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ ড্যানিয়েল ভেটোরিকে তাই জিজ্ঞেস করা হয় ম্যাক্সওয়েলের ব্যাপারে। আর ম্যাক্সওয়েল খেলবেন কি না সে সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট আজকের দিন শেষেই নেবে বলে জানান তিনি।

ভেটোরি বলেন. ‘গত কয়েকদিন ধরেই ম্যাক্সওয়েল পুনর্বাসনের মধ্যে আছেন। আমরা কয়েকদিন অনুশীলন করিনি। আজকের অনুশীলনেও ম্যাক্সিকে রাখা হয়নি। তবে আমরা দেখবো দিনশেষে তার কী অবস্থা। অবশ্যই এই কদিন খুব চাপ গেছে ওর উপর দিয়ে।’

তিনি আরও যোগ করেন, ‘ম্যাক্সওয়েল যে মানের খেলোয়াড় ফিরে আসতে তার বেশি সময় প্রয়োজন হয় না। ১৬ তারিখ কলকাতায় সেমিফাইনাল খেলতে হবে আমাদের। তার আগে এই ম্যাচ। সব মিলিয়ে আজকের দিনটা পার হলেই সিদ্ধান্ত নেয়া হবে এই বিষয়ে।

বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর পর, অস্ট্রেলিয়ান হিসেবে প্রথম ডাবল সেঞ্চুরি করেন গ্লেন ম্যাক্সওয়েল। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য এই ম্যাচটি বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে ম্যাক্সওয়েলের থাকা না থাকা নিয়ে বাংলাদেশের চিন্তা হবারই কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত