সুষ্ঠু নির্বাচন চেয়ে শেখ হাসিনাকে চিঠি কানাডার ৮ এমপির

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০২:২৫ এএম

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন কানাডার পার্লামেন্টের আট সদস্য। এতে সরকার মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করবে বলেও আশা প্রকাশ করেছেন তারা। ওই আট এমপি কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য।

গত বুধবার চিঠিটি পাঠানা হয়েছে বলে গতকাল শুক্রবার গ্রুপের চেয়ার ব্র্যাড রেডেকপ এক্সে (টুইটার) এ তথ্য জানান। ওই পোস্টের সঙ্গে চিঠিটিও জুড়ে দিয়েছেন তিনি।

ব্র্যাড রেডেকপের সঙ্গে ওই চিঠিতে সই করা কানাডার পার্লামেন্টের অন্য সদস্যরা হলেন সালমা আতাউল্লাহজান, সালমা জাহিদ, লুক দেসিলেতস, কেন হ্যারিডি, ল্যারি ব্রক, রবার্ট কিচেন ও কেভিন ওয়াহ।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তারা বলেন, ‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে আমরা আপনাকে (প্রধানমন্ত্রীকে) বলতে চাই, ২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করছি। আমরা আশা করি, এই নির্বাচনে বাংলাদেশের নাগরিকরা তাদের পছন্দের রাজনৈতিক দলকে বেছে নেওয়ার সুযোগ পাবেন।’

এই নির্বাচন লাখ লাখ বাংলাদেশিকে তাদের রাজনৈতিক পছন্দ প্রকাশের সুযোগ দেবে উল্লেখ করে তারা কিছু প্রত্যাশা ব্যক্ত করেছেন। চিঠিতে তারা বলেন, ‘আমরা আশা করি আপনার সরকার মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করবে এবং ভিন্নমতেরও সুরক্ষা করবে। আমরা ভোটের অনিয়ম, যেমন ভোটারদের ভয় দেখানো, ভোট কারচুপি এবং ব্যালট বাক্স ভর্তি করার মতো ঘটনা যেন না ঘটে, তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা আশা করি।’

বর্তমান সরকার সহিংসতা রোধ এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব বাংলাদেশির সুরক্ষা নিশ্চিত করতে এবং বাংলাদেশের যোগ্য নাগরিকদের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করবে বলেও আশা প্রকাশ করা হয় চিঠিতে।

চিঠিতে বলা হয়েছে, ‘বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের অংশগ্রহণ এবং নাগরিকদের পছন্দের ন্যায্য প্রতিনিধিত্বের ওপর একটি শক্তিশালী গণতন্ত্র বিকাশ লাভ করে।’

এতে আরও বলা হয়, ‘সব রাজনৈতিক দলকে অবাধে অংশগ্রহণের অনুমতি দিয়ে এবং রাজনৈতিক প্রক্রিয়া যেন পক্ষপাতহীনভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের প্রতি নিজেদের অঙ্গীকার এবং জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারে।’

‘এটি করার মাধ্যমে আপনি শুধু আপনার জাতির গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালীই করবেন না, বিশ্বের জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণও স্থাপন করবেন।’ এতে যোগ করা হয়।

চিঠিতে তারা আরও বলেন, ‘কানাডা ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট শক্তিশালী। আমরা চাই, ভবিষ্যতে এই সম্পর্ক আরও বিকশিত হোক। দুই দেশে গণতান্ত্রিক সরকার থাকলে তখনই সম্পর্কের এ বিকাশ সম্ভব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত