চাঁদার দাবিতে কাপ্তাই হ্রদে পর্যটকবাহী  নৌকায় আগুন

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০২:৩৬ এএম

রাঙ্গামাটিতে চাঁদার দাবিতে পর্যটকবাহী ইঞ্জিনচালিত নৌকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে নৌকার ছয়জন পর্যটকই নিরাপদে আছেন। গতকাল শুক্রবার দুপুরে কাইন্দারমুখ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি মো. আরিফুল আমিন।

ওই পর্যটকদের বাড়ি চাঁদপুরে। তারা সাজেক থেকে ঘুরে গতকাল রাঙ্গামাটি বেড়াতে এসেছিলেন। পর্যটকরা হলেন, অঞ্জন কুমার, সুমেন কু-ু, প্রণয় পাল, অনিক মজুমদার, প্রান্ত কর্মকার, হিমু চন্দ্র দাশ।

পর্যটকরা জানান, সকালে ইঞ্জিনচালিত নৌকায় করে সুবলং ঝরনায় যাওয়ার পথে কাইন্দারমুখ এলাকায় পাঁচ অস্ত্রধারী দুর্বৃত্ত তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে নৌকা থেকে নামিয়ে দেয়।

নৌকাচালক গিয়াস জানান, ‘হামলাকারীরা পর্যটকদের নামিয়ে নৌকাসহ আমাকে পাশের একটি টিলার কাছে নিয়ে গিয়ে নৌকাটি জ¦ালিয়ে দেয়। পরে অন্য আরেকটি টিলার কাছে আমাকে নামিয়ে দিয়ে চলে যায় তারা। তাদের সবার হাতে অস্ত্র ছিল। তারা বলেছে চাঁদা পরিশোধ না করা পর্যন্ত কোনো পর্যটকবাহী নৌকা যাতে সুবলং না যায়। পরে পর্যটকদের রাঙ্গামাটি নিয়ে আসা হয়।

ওই নৌকার মালিক আলাউদ্দিন টুটুল বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসি, কেন বা কারা আগুন দিয়েছে তা জানি না। আমার সব শেষ।’

কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন গতকাল বিকেলে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি টিমসহ ঘটনাস্থলে আছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত