ফতুল্লায় ডোবায় মিলল বিকাশ এজেন্টের মরদেহ

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৩:৫৮ পিএম

নারায়ণগঞ্জে নিখোঁজের তিনদিন পর ডোবা এক বিকাশ এজেন্টের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে ফতুল্লার আলীগঞ্জস্থ অলি মিয়ার ডোবা থেকে তার লাশ উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ।

নিহত আতিকুল ইসলাম (২০) আলীগঞ্জে পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন।

নিহতের বাবা বশির হাওলাদার জানান, তার এক ছেলে ও এক মেয়ে। নিহত আতিকুল ইসলাম সন্তানদের মধ্যে ছোট। সে কুরআনের হাফেজ ছিল। আলীগঞ্জ কাজীপাড়ায় একটি বিকাশের দোকান ছিল তার। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সে বাসা থেকে দোকানে যাওয়ার জন্য বের হয়। পরে রাত ১০টার দিকে দোকান বন্ধ করে। এরপর থেকে আতিকুল নিখোঁজ। নিখোঁজের রাতে আতিকুলকে একাধিকবার ফোন করার পর একবার ফোন রিসিভ করে বলে সে মাহফিলে।

পরিবারের ধারণা, ঘাতকরা তার ছেলেকে অপহরণ করে টাকা লুট করে নেওয়ার জন্য জোর করে মাহফিলে থাকার কথা বলিয়েছে। টাকা লুট করে গলায় ও পেটে ছুরিকাঘাত করে হত্যার পর আতিকুলকে ডোবায় ফেলে দেওয়া হয়েছে।

বশির হাওলাদার বলেন, নিখোঁজের রাতেই ফতুল্লা মডেল থানায় জিডি (সাধারণ ডায়েরি) করতে গিয়েছিলাম। ওই রাতে পুলিশ জিডি নেয়নি। পরে শুক্রবার সকালে গিয়ে জিডি করেছি। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার চাই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত