ভূমধ্যসাগরে বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ মার্কিন সেনা নিহত

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১১:২৪ এএম

পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

এর আগে শুক্রবার (১০ নভেম্বর) প্রশিক্ষণ চলাকালে ‘দুর্ঘটনার শিকার’ হয়ে প্লেনটি বিধ্বস্ত হয় বলে জানায় যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড (ইউকম)। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনও তথ্য জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় বিবিসি।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, এটি নিয়মিত প্রশিক্ষণ ছিল। সেসময় ‘দুর্ঘটনাবশত’ প্লেনটি বিধ্বস্ত হয়। এতে পাঁচ মার্কিন সেনা সদস্য নিহত হন। তবে সেটি কী ধরনের প্লেন ছিল বা কোথা থেকে উড্ডয়ন করেছিল, তা জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।

এদিকে, নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে ইসরায়েলের তীব্র আক্রমণ শুরুর পর থেকেই ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে মার্কিন সেনাবাহিনী।

এছাড়া ইসরায়েলে গোলাবারুদ সরবরাহ করার পাশাপশি এই অঞ্চলে সামরিক মহড়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত