বিএনপি-জামায়াত পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে। পাকিস্তানিরা গুলি করে মানুষ হত্যা করেছে, কিন্তু আগুন দিয়ে মানুষকে এভাবে পুড়িয়ে মারেনি এই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সম্প্রতি অবরোধ চলাকালে অগ্নিদগ্ধ রোগীদের দেখতে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান তথ্যমন্ত্রী। সেখানে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের নির্মমতা, নিষ্ঠুরতা ও তাদের অগ্নিসন্ত্রাসের কারণে খেটে খাওয়া মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তারা ২০১৩/১৪ সালের কায়দায় আবারও মানুষের ওপর, যানবাহনের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করছে। তাদের এসব কর্মকাণ্ডকে শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষের কী অপরাধ? তারা কেন হিংস্রতার শিকার? রাজনীতির দাবি-দাওয়ার জন্য, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত চেয়ারপারসনের মুক্তির জন্য, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের জন্য, তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সাধারণ মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ কেন, কী কারণে?
তিনি বলেন, ‘তারা পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে। পাকিস্তানিরা গুলি করে মানুষ হত্যা করেছে, কিন্তু আগুন দিয়ে এভাবে মানুষকে পুড়িয়ে মারেনি।’
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হাসপাতালে দগ্ধ রোগীদের দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে এসেছে। তাদের চিকিৎসাব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হচ্ছে। দলের পক্ষ থেকেও তাদের সহায়তা করা হবে।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের (বিএনপি-জামায়াত) কানে তাদের আর্তনাদ পৌঁছায় না, তাদের কাছে আপনারা তাদের কান্না পৌঁছে দেবেন।’
এর আগে, সহিংসতায় দগ্ধ রোগীদের দেখতে হাসপাতালে যান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। গত সোমবার তাদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
