ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডেই ব্যায়ামাগার প্রতিষ্ঠা করা হবে এবং ব্যায়ামাগারগুলো যৌথ মূলধনী অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার (১৫ নভেম্বর) সকালে গুলিস্তানের শহীদ মতিউর পার্কের (মহানগর নাট্যমঞ্চ) অভ্যন্তরে নির্মিত 'রাইসা' নগর ব্যায়ামাগার এর উদ্বোধন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানান।
ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরবাসীর জন্য প্রতিটি ওয়ার্ডেই একটি করে ব্যায়ামাগার স্থাপন করবে। তারই অংশ হিসেবে আজ আমরা ১৩ নম্বর ওয়ার্ডে 'রাইসা' নগর ব্যায়ামাগারের শুভ উদ্বোধন করলাম। আমাদের ব্যায়ামাগারগুলো যাতে অত্যন্ত পেশাদারিত্বের সাথে পরিচালিত হয় সেজন্য আমরা একটি নীতিমালা প্রণয়ন করেছি। যৌথ মূলধনী অংশীদারত্বের মাধ্যমে আমরা এসব ব্যায়ামাগার পরিচালনা করছি।’
ব্যায়ামাগারে স্বল্পমূল্যে আধুনিক সুযোগ সুবিধা সন্নিবেশ করা হয়েছে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘নতুন আঙ্গিকে, অভিনব উপায়ে যৌথ মূলধনী অংশীদারিত্বের মাধ্যমে আমরা এই ব্যায়ামাগার পরিচালিত করবো। পুরুষ-মহিলা সবাই এখানে এসে শরীরচর্চা করতে পারবেন। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য নতুন সুযোগ-সুবিধা স্বন্নিবেশ করে ব্যায়ামাগারটা সাজানো হয়েছে। এখানে জনগণ স্বল্পমূল্যে কিন্তু আধুনিক পরিবেশে শরীরচর্চা করতে পারবে।’
পরে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস সংস্কার পরবর্তী ২০ নম্বর ওয়ার্ডস্থ সেগুনবাগিচা সামাজিক অনুষ্ঠান কেন্দ্র এবং ৭৫ নম্বর ওয়ার্ডের ত্রিমোহনী প্রান্তে জিরানি খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন।
