কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক খুন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:০২ পিএম

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. হাসান (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত মো. হাসান কুমিল্লা দৌলতপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় কার্পেন্টার ছিলেন। 

কুমিল্লার শহরতলী দৌলতপুর এলাকায় স্থানীয় রাজীব খান গ্রুপ এবং মসু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে সংঘর্ষ হয়। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন মো. শাহজাহান (৪৫) নামের আরো এক জন। তার বাড়ি নগরীর গোবিন্দপুর এলাকায়। তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংঘর্ষে হাসান নিহত হওয়ার খবরে এলাকায় উত্তেজনা দেখা দিলে রাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ দীনেশ চন্দ্র দাশ গুপ্ত। 

নিহত মো. হাসানের স্ত্রী জুথি জানান, বুধবার সন্ধ্যায় হাসান তার বন্ধু রাব্বীকে নিয়ে বের হন। পরে মসিউর নামের একজন ফোনে জানান গোবিন্দপুরে সংঘর্ষ হয়েছে। এ সময় হাসান সেখানে গেলে প্রতিপক্ষ রাজিব গ্রুপের লোকজন হাসানকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়।

কুমিল্লা কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ দীনেশ চন্দ্র দাশ গুপ্ত বলেন, স্থানীয় রাজীব খান গ্রুপ এবং মসু গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ ঘটনায় মসু গ্রুপের হাসান ও শাহজাহানকে কুপিয়ে ফেলে যায় রাজীব গ্রুপ। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত