বাবরকে নিয়ে পিসিবির সিদ্ধান্তে 'বিস্মিত ও হতাশ' হেইডেন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম

বিশ্বকাপে দলের ভরাডুবির পর পাকিস্তানের তিন সংস্করণের নেতৃত্ব থেকেই সরে দাঁড়িয়েছেন বাবর আজম। নিজে থেকে দায়িত্ব না ছাড়লে তাকে বরখাস্ত করা হতো বলে দাবি করেছিল দেশটির সংবাদমাধ্যমগুলোর। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এমন আচরণে বিস্মিত।

বিশ্বকাপে পাকিস্তান প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি। ৯ ম্যাচের মধ্যে জিতেছে ৪টিতে, হেরেছে ৫ ম্যাচে। পয়েন্ট তালিকার ৫ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে তারা। অধিনায়ক বাবরও ব্যাট হাতে সেরাটা দিতে পারেননি। চারটি ফিফটিতে রান করেছেন ৩২০। তাই সব মিলিয়ে বেশ চাপে ছিলেন বাবর।

বাবরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে হেইডেনের। দুই দফায় দলটির কোচিং স্টাফে ছিলেন তিনি। তাই কাছ থেকে বাবরকে দেখেছেন এই অস্ট্রেলিয়ান। অধিনায়কত্ব নিয়ে বাবরের সঙ্গে পিসিবির এমন আচরণে তিনি বেশ হতাশ।

ইএসপিএনক্রিকইনফোতে হেইডেন বলেছেন, ‘অধিনায়ক হিসেবে বাবরের পারফরম্যান্স অনেক ভালো। আমরা ৫০–এর বেশি গড়ের কথা বলছি। বাবর সহজাত একজন নেতাও, অধিনায়ক হিসেবে ভালো পছন্দ। আমার মনে হয়, অধিনায়ক বাবরকে নিয়ে তারা একটু দ্রুতই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বাবর এখনো তরুণ, বিশ্বে দাপুটে একজন ক্রিকেটার। তাই পিসিবির এমন সিদ্ধান্তে আমি হতাশ ও কিছুটা অবাক।’

পাকিস্তান কেন বিশ্বকাপে নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি, সেই কারণও খুঁজেছেন হেইডেন। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘নাসিম শাহ ছিল না, শাহিন শাহ আফ্রিদি সেরা রূপে ছিল না। শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ কিছুই করতে পারেনি। ফখর জামান ফর্মে ছিল না, যখন ফিরেছে ততক্ষণে দেরি হয়ে গেছে।’

বাবরের পরিবর্তে নতুন টেস্ট অধিনায়ক করা হয়েছে ব্যাটসম্যান শান মাসুদকে, টি-টোয়েন্টির নেতৃত্ব পেয়েছেন ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি



×
সর্বশেষ সর্বাধিক পঠিত