রাজধানীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুলের শিক্ষার্থী আস্থা শামীম দিবার(১৬) অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ঝিগাতলায় ওই শিক্ষার্থীর বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত দিবার খালা রাশিদা সুলতানা জানান, ঝিগাতলা টালি অফিস এলাকায় একটি বাসায় পরিবারের সাথে থাকে দিবা। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী সে।
তিনি বলেন, ঠিকমত পড়ালেখা না করায় বিকেলে তার মা তাকে সামান্য বকাঝকা করে। এতেই মায়ের সাথে অভিমান করে বিকেল সাড়ে ৪টার দিকে রুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয় সে। কিছুক্ষণ পর পেছনের আরেকটি দরজা দিয়ে পরিবারের সদস্যরা রুমটিতে ঢুকে ফ্লোরে পড়ে থাকতে দেখেন দিবাকে। তার গলায় ওড়না পেচানো অবস্থায় ছিল। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
