বগিতে বগিতে তল্লাশি, ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৩:২০ পিএম

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালে কড়া নিরাপত্তায় ট্রেন চলাচল করছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে। জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশ যৌথভাবে প্রতিটি যাত্রীর মালামাল ও বোতলসদৃশ সরঞ্জাম তল্লাশি করে তারপর ট্রেন ছাড়ছে।

ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হরতাল-অবরোধের সকাল থেকে শিডিউলের নিয়মে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম।

আজ রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা থেকে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় স্টেশনে যাত্রীবাহী ট্রেন আসে। এরপর ঢাকামুখী যাত্রীদের নিয়ে ১০টা ২০ মিনিটে রওনা দেয়। এ সময় প্রতিটি বগিতে রেলওয়ে পুলিশ যাত্রীদের মালামাল ও বোতলজাতীয় সামগ্রী তল্লাশি চালায়। জেলা পুলিশের সদস্যরা স্টেশনের সামনে পেছনে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান বলেন, 'ভোর থেকে স্টেশনে আগত প্রতিটি যাত্রীর মালামাল তল্লাশি করা হচ্ছে। ট্রেনের বগিতেও কোনো নাশকতা সরঞ্জাম বহন করতে না পারে সেগুলো নজর রাখা হচ্ছে।'

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে নাশকতা রুখতে সকাল থেকে স্টেশন কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে। আগত যাত্রীদের সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত