আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) পদে প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।
রবিবার দুপুরে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী থেকে আওয়ামী লীগের এমপি পদে প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন বলে জানা যায়।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগের আবেদন করেছেন বলে জেনেছি।
গত শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। বাঁশখালীর সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মরহুম সুলতান উল কবির চৌধুরী ছেলে চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হন।
এদিকে বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী রবিবার ১৯ নভেম্বর পদত্যাগ করায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা এলেই এখন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী।
