তফসিল ঘোষণার পর টেকনোক্র্যাট মন্ত্রীর পদ থাকে না: কাদের

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেছেন, তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিষয়ে পদ থাকে না, এটাই নিয়ম।

আজ রবিবার (১৯ নভেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির এক সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের তরুণ ভোটারা আওয়ামী লীগের প্রধান লক্ষ্য। প্রথম ভোটার হওয়া তরুণ শ্রেণি আমাদের প্রধান টার্গেট।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর সারা দেশের মানুষ গণজাগরণের ঢেউ তুলেছে। নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ প্রবল। মানুষ নির্বাচন নিয়ে কতটা আজকে স্বতঃস্ফূর্ত এটা বলার অপেক্ষা রাখে না।

হরতার-অবরোধে ট্রেনে ও বাসে আগুন নিয়ে তিনি বলেন, এখন বাংলাদেশে বিরোধী দলের নির্বাচনের বাইরে যে রাজনীতি সেটা বিরোধী রাজনীতি নয়, সেটা গঠনমুলক সমালোচনা নয়-এটা স্রেফ নাশকতা। নাশকতার এই কালো হাত ভেঙে দিতে হবে। রাতে স্টেশনে থাকা ট্রেনে আগুন দেয়া হচ্ছে। চোরাগোপ্তা হামলা প্রতিহত ও প্রতিরোধ করতে হবে।

প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপকমিটির সদস্য সচিব আবদুস সোবহান গোলাপ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদসহ কমিটির সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত