এমপি হওয়ার আলোচনায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১১:২৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনের আরো দেড় মাসেরও বেশি সময় বাকি। এরই মধ্যে এমপি হওয়ার আলোচনায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু। তিনি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনবেন বলে জানা গেছে। 

রাজু কৃষক লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আব্দুল জব্বারের ছেলে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করা রাজু এরই মধ্যে কুলাউড়া উপজেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। এ কারণে তাকে এমপি হিসেবে দেখতে চায় কুলাউড়ার জনগণ।

জানা যায়, রাজু গত তিন-চার বছরে উপজেলায় প্রায় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। এ ছাড়া আরও প্রায় হাজার কোটি টাকার উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছেন। এসব উন্নয়নের ফলে এলাকায় তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। 

গত চার বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার-২ সংসদীয় এলাকায় কুলাউড়াবাসীর জন্য অনেক উপহার দিয়েছেন। আর এসবের পেছনে মূল ভূমিকা পালন করেছেন রাজু। সেগুলোর মধ্যে অন্যতম হলো- সেতু বিভাগ থেকে ১১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ফানাই নদীর ওপর নির্মাণাধীন ব্রিজ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে কুলাউড়া শহরকে যানজটমুক্ত করার জন্য ৪১ কোটি টাকা ব্যয়ে চার লেনে উন্নীতকরণের জন্য প্রকল্প, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা থেকে ১৭টি কাঁচা রাস্তা পাকাকরণ ও ১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে দুটি ব্রিজ নির্মাণ, ৮৫ লাখ টাকা ব্যয়ে মিঠুপুর ও আবুতালিপুর গ্রামের সংযোগ স্থলে গোপালীছড়ার ওপর সেতু নির্মাণ, ৮৩ লাখ টাকা ব্যয়ে তিলাশীজুড়া হিঙ্গাজিয়া হাওরমুখী রাস্তায় থামেশ্বর নদীর ওপর সেতু নির্মাণ।

স্থানীয় সরকার বিভাগ থেকে তিনি ২০২২-২৩ অর্থবছরে ১৯৩টি, ২০২১-২২ অর্থবছরে ৫৭টি, ২০২০-২১ অর্থবছরে ২৭টি রাস্তার অনুমোদন করিয়েছেন, যার কাজ চলমান রয়েছে। এছাড়াও নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার প্রকল্পে ২৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে উপজেলায় ১ হাজার ৩৪টি গভীর নলকূপ এবং কমিউনিটি নলকূপ স্থাপন বাস্তবায়ানাধীন রয়েছে, কুলাউড়া উপজেলায় গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে সৌর বিদ্যুতায়িত ও সড়কবাতি স্থাপন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৪ কোটি টাকার বরাদ্দ প্রদানের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। ৫৫ কোটি টাকা ব্যয়ে ৭৩ দশমিক ৫০ কিলোমিটার রাস্তা পাকাকরণ; ৭০টি মসজিদ, কবরস্থান, ঈদগাহ, মন্দিরে ৩ লাখ টাকা করে মোট ২ কোটি ১০ লাখ টাকা প্রদান ও প্রায় ১০০টি প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিয়েছেন রাজু। এছাড়াও স্থানীয় স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নমূলক কাজে তার ভূমিকা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত