আরসা-আরএসও গোলাগুলিতে রোহিঙ্গা যুবক নিহত

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৮:৫৬ এএম

আধিপত্য বিস্তারের জেরে কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলিতে সৈয়দ আমিন নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি ও সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত যুবক একই  ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা ছিলেন।

এপিবিএন, পুলিশ ও রোহিঙ্গাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জন্য ৩নং ক্যাম্পের সি ও ডি ব্লকে আরসা ও আরএসওর সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থান নেন।  এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের  মধ্যে থেমে থেমে গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এপিবিএন ও উখিয়া থানা পুলিশ গেলে উভয় পক্ষ সরে পেড়ে। পরে ঘটনাস্থল থেকে এক রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, আরাসা ও আরএসও র মধ্যকার গোলাগুলিতে এক সাধারণ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। তার মৃতদেহ উদ্ধার সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এ খুনের ঘটনা ঘটেছে। এতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত