মাঠের উত্তাপ ছাপিয়ে গেছে গ্যালারি। খেলোয়াড়দের থেকে দৃষ্টি কেড়ে নিলেন দর্শকরা। আর্জেন্টিনার জাতীয় সংগীতের সময় ব্রাজিলিয়ান সমর্থকরা দুয়ো দিচ্ছিলেন। তাতে দাঙ্গা বেধে যায় উভয়ের মধ্যে। তাতে লাঠিপেটা করে মারাকানার পুলিশ।
খেলা শেষে সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তিনি আবার পুলিশকে দোষারোপ করেছেন। মেসির মতে, খেলায় নয় বরং মারাকানা পুলিশের মনোযোগ এসব মারামারিতেই।
ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে মেসি বলেন, 'আমরা দেখেছি পুলিশ কিভাবে মানুষের ওপর চড়াও হচ্ছিল। আমাদের পরিবারের বেশ কয়েকজন সদস্যও ওখানে ছিল। কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও একই কাজ করেছে তারা (ব্রাজিলের পুলিশ)। মাঠে খেলার চেয়ে সেসবেই তাদের মনোযোগ বেশি থাকে। আমরা একটা পরিবার। পরিস্থিতি শান্ত করতেই আমরা ফের মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলাম।'
মারাকানায় ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ শুরু হওয়ার সব আনুষ্ঠানিকতা শেষেই শুরু হয় প্রথম ঝামেলা। ব্রাজিলের মারাকানায় উপস্থিত আর্জেন্টিনার সমর্থকদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ব্রাজিলের সমর্থকরা। দ্রুতই সেখানে ছুটে যান স্থানীয় পুলিশের সদস্যরা। ঘটনার জের ধরে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি পুরো দল নিয়ে চলে যান ড্রেসিংরুমে। মেসিকে বলতে শোনা যায়, 'আমরা মাঠ ছাড়ছি। এ অবস্থায় খেলা সম্ভব নয়।'
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ম্যাচের লাইভ বিবরণীতে জানায়, আর্জেন্টিনার জাতীয় সংগীত চলাকালে ব্রাজিলের সমর্থকেরা দুয়ো দিতে শুরু করলে ঝামেলার শুরু হয়। আর্জেন্টিনা দলের সদস্যরা এবং ব্রাজিলের অধিনায়ক মার্কিনিওস দর্শকদের শান্ত করার চেষ্টা করছিলেন। এরপর মেসির সঙ্গে আর্জেন্টিনার বাকি খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান।
পরে ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, 'আজ রাতে আমরা ইতিহাস সৃষ্টি করেছি, কিন্তু এটা বলা গুরুত্বপূর্ণ যে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলিয়ানদের দমন-পীড়নের মধ্য দিয়ে এটা চিহ্নিত হবে। এটা মেনে নেওয়া যায় না। এটা পাগলামি। এটা অবিলম্বে বন্ধ করতে হবে।'
