শিশুকে বাঁচাতে গিয়ে চলন্ত ইট ভাঙা মেশিন থেকে পড়ে চালকের মৃত্যু

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়ার খাদ্যগুদামের সামনে ইট ভাঙা মেশিনের নিচে পড়ে চালক শাবুর আলীর (৩৫) মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার (এসও) হুমায়ুন কবির জানান, শাবুর আলী শার্শা উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে খোঁয়াভাঙা মেশিন চালিয়ে শাবুর কলারোয়ার খাদ্য গোডাউন মোড় পার হচ্ছিল। হঠাৎ একটি শিশু রাস্তা পার হতে গেলে শিশুটিকে বাঁচাতে গিয়ে খোঁয়াভাঙা মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। শাবুর আলী মেশিনের নিচে পড়ে গেলে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে খোয়া ভাঙা মেশিন নিয়ন্ত্রণ হারায়। এর নিচে পড়ে চালকের মৃত্যু হয়েছে।

অন্যদিকে বিকেলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপ্লব কর্মকার (১৮) নামের যুবক বিদ্যুতের খুটিতে গিয়ে আছড়ে পড়ে মৃত্যুবরণ করেছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, বিকেলে স্থানীয় সোনাতন কর্মকারের ছেলে বিপ্লব জালালাবাদ ইউনিয়নের শংকরপুরে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটিতে আছড়ে পড়ে মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত