বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘দেশের জনগণ তফসিল প্রত্যাখ্যান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন মঈন-ফখরুদ্দিনের মতো তথাকথিত কিংস পার্টি, ভুঁইফোঁড় পার্টি, ড্রিঙ্কস পার্টি, ছিন্নমূল পার্টি তৈরি করে তাদেরকে দিয়েই তামাশার নির্বাচন মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছেন। শেখ হাসিনা তার এজেন্সিগুলোকে মাঠে নামিয়ে দিয়েছেন তথাকথিত কিংস পার্টি গঠনের জন্য। বিভিন্ন দল থেকে নেতা কিনতে গরুর হাটের মতো দরদাম চলছে।’ আজ বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সরকার পতন আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ১২ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচন যাওয়ার ঘোষণা দেওয়ার পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহপালিত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের তফসিল নাটক স্রেফ ভাগ-বাটোয়ারার নির্বাচনকে বৈধতার সিল মোহর দেওয়ারই কারসাজি মাত্র। কাজী রকিব আর নুরুল হুদার দেখানো ভাঁওতাবাজীর নির্বাচনের পথেই হাঁটছেন কাজী আউয়ালগং।’
তিনি বলেন, ‘আওয়ামী সরকারের কিংস পার্টিতে যোগ দিতে দেশপ্রেমিক বহু নেতাকে চাপ-প্রলোভন-ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। ছলেবলে, কৌশলে, টোপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে। আবার কেউ কেউ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে না গিয়ে বিরোধী দলের লেবাসে ফ্যাসিবাদের দোসর হচ্ছে। তারা হালুয়া-রুটির ভাগ প্রাপ্তির লালসায় ফ্যাসিস্টদের বর্তমান আস্তানা গণভবন-বঙ্গভবনে ছুটোছুটি করছেন।’
সরকারের সঙ্গে যোগ দেওয়া নেতাদের উদ্দেশে রিজভী বলেন, ‘কিছু লোক সামান্যখুদ-কুড়ার লোভে বিবেক-বিবেচনাহীনভাবে তামাশার নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। এসব বেইমান দলছুটরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। কিন্তু এসব রঙ বদলানো পরজীবী রাজনীতিবিদরা জনগণের সংকেতবার্তা টের পাচ্ছেন না। জনগণ খুব দ্রুতগতিতে ধেয়ে যাচ্ছে সরকারের সিংহাসন ধুলোয় লুটিয়ে দিতে, জনগণের সেই পদচিহ্ন লক্ষ্য করতে পারছে না এই নব্য রাজাকারেরা।’
