ঈশ্বরদীতে যুবলীগ নেতাকে হাত-পা বেঁধে নির্যাতন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৪:৫০ এএম

পাবনার ঈশ্বরদীতে এক যুবলীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ উঠেছে কথিত এক যুবলীগ নেতার বিরুদ্ধে। নির্যাতনের পর ঘটনা ভিন্ন খাতে নিতে রবিউল ইসলাম মোল্লা ওরফে রবি নামে এই যুবলীগ নেতাকে আগ্নেয়াস্ত্রসহ পুলিশে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

ভুক্তভোগী রবিউল ইসলাম রবি (৫০)। তিনি ঈশ্বরদী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।

গত মঙ্গলবার রাতে ঈশ্বরদী পৌর সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা যুবলীগের কথিত নেতা মিলন চৌধুরীর লোকজন রবিউলকে নির্যাতন করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রবিউলকে মারধরের কথা স্বীকার করলেও তুলে আনার কথা অস্বীকার করেছেন মিলন চৌধুরী। পুলিশ বলেছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। রবিউল তাদের হেফাজতে আছেন।

ভুক্তভোগী রবিউলের স্ত্রী রোজিনা খাতুন সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে মিলন চৌধুরীর ছোট ভাই দীপ চৌধুরীর সঙ্গে কয়েকটি মোটরসাইকেলে আসা একদল যুবক রবিউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত দেড়টার দিকে তিনি প্রতিবেশীদের কাছে খবর পান মিলন চৌধুরী ও তার লোকজন রবিউলকে গ্রামের পাশের রেললাইনে ফেলে রেখেছে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন তাকে অস্ত্রসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

রোজিনা খাতুন জানান, রবিউল ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর অনুসারী। মিলন চৌধুরী দীর্ঘদিন ধরে রবিউলকে মিন্টুর পক্ষ ত্যাগ করে তার সঙ্গে কাজ করার জন্য চাপ দিয়ে আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত