নাশকতার তদন্ত চেয়ে দূতাবাসে বিএনপির চিঠি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৫:০৫ এএম

ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনা থেকে শুরু করে চলমান হরতাল-অবরোধে অগ্নিসংযোগ, ভাঙচুর, বিস্ফোরণ ও গুপ্তহত্যার বিবরণ তুলে ধরে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশনে চিঠি দিয়েছে বিএনপি। গত সোমবার এ চিঠি দেওয়া হয়। গত মঙ্গলবার বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য  দেশ রূপান্তরকে বলেন, ‘দূতাবাসগুলোতে দেওয়া চিঠিতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, অগ্নিসংযোগ ও সংঘাতের জন্য যে সরকার দায়ী তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। বিশেষ করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট ও ভিডিওর কপি চিঠিতে সংযুক্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চিঠিতে চলমান আন্দোলনে নাশকতা ও অগ্নিসন্ত্রাসের ঘটনার আমরা যে আন্তর্জাতিক তদন্ত চাই তা উল্লেখ করেছি।’

এর আগে গত মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর ছত্র-ছায়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্নিসন্ত্রাস করছে এবং নাশকতার ঘটনা ঘটাচ্ছে। তিনি এসব ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবিও জানান।

যুক্তরাষ্ট্র দূতাবাস কর্তাদের সঙ্গে রুমিনের মধ্যাহ্নভোজ : মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ শ্রেয়ান সি. ফিজারল্ড ও পলিটিক্যাল সেক্রেটারি ম্যাথিও বের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বিষয়টি নিশ্চিত করে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘এটা বৈঠক নয়। তারা দুজনেই বন্ধু। আমরা একত্রে দুপুরের খাবার খেয়েছি। অন্য কোনোবিষয় নেই এখানে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত