ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও ক্যাটরিনা কাইফের ডিপফেক ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা এখনো শেষ হয়নি। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শিল্পপতি রতন টাটার ডিপফেক ভিডিও। এতে রতন টাটাকে একটি অনলাইন বেটিং অ্যাপকে সমর্থন করতে দেখা যায়। পরে জানা যায় এটি আসলে ডিপফেক ভিডিও।
বিজ্ঞাপন হিসেবে ফেসবুকে রতন টাটার ডিপফেক ভিডিও পোস্ট করা হয়। একটি ফেসবুক পেজে অন্তত পাঁচবার পোস্ট করা হয়েছে সেই ভিডিও। ২০১৫ সালের একটি পুরনো ভিডিও থেকে রতন টাটার ওই ডিপফেক ভিডিওটি বানানো হয়েছে।
এতে দেখা যায়- রতন টাটা সবাইকে একটি টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে বলছেন। চ্যানেলটি পরিচালনা করেন আমির খান নামে এক ব্যক্তি। আমির নিজের প্রোফাইলে জানিয়েছেন তিনি ‘অ্যাভিয়েটর’ নামের একটি অনলাইন বেটিং গেম খেলতে শেখান।
ইন্ডিয়া টুডের ফ্যাক্ট চেক থেকে জানা গেছে, আমির খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি বেটিং গেম খেললে প্রতিদিন এক লাখ রুপি পুরস্কার জিতে নেওয়া যাবে, এমন প্রলোভন দিয়েছেন। পাশাপাশি ব্যাবহারকারীদের ‘অ্যাভিয়েটর’ সাইটে রেজিস্ট্রশন করার কথাও বলেছেন।
শুধু তা-ই নয়, মানুষের বিশ্বাস অর্জনের জন্য বেশ কিছু স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি। যদিও অ্যাভিয়েটর সাইটটি ক্লিক করা মাত্রই খুলে যাচ্ছে অন্য একটি স্পোর্টস গেমিং সাইট। সেই পেজে আবার ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। এর মাধ্যমেই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় প্রতারকরা।
