কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় সুস্থ মানুষ প্রতিবন্ধী সেজে গত দুই বছর ধরে ভাতা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাইন্যা ঘোনা গ্রামের মৃত দানু মিয়া ও নুরুজ্জাহানের ছেলে আছহাব উদ্দিন একজন সুস্থ-সবল এবং আর্থিকভাবে সচ্ছল মানুষ। নিজের নামে এক একর লবণ চাষের জমিও রয়েছে। পেশায় তিনি লবণ চাষি। কিন্তু তিনি পাচ্ছেন অসচ্ছল প্রতিবন্ধী ভাতা। পেকুয়া উপজেলা সমাজসেবা অফিসে প্রতিবন্ধী ভাতাভোগীদের তালিকায় তার নাম রয়েছে। যার ক্রমিক নম্বর ২৪২। স্থানীয় বাসিন্দা তারেক মনোয়ার ও মোশারফ হোসেন জানান, আছহাব উদ্দিন প্রতিবন্ধী না। সুস্থ-সবল এবং আর্থিকভাবে সচ্ছল মানুষ। স্থানীয় সমাজসেবা অফিসের কর্মচারীরা টাকা খেয়ে তাকে প্রতিবন্ধীর তালিকায় নাম দিয়েছেন। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত প্রতিবন্ধীরা। এদিকে সুস্থ হয়েও কেন প্রতিবন্ধী ভাতা নেন? এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি আছহাব উদ্দিন।
জানা যায়, আছহাব উদ্দিন পেশায় একজন লবণ চাষি। নিজের নামে প্রায় এক একর লবণ চাষের জমি রয়েছে। তিনি প্রতি শুকনো মৌসুমে নিজস্ব জমিতে লবণ চাষ করেন। জালিয়াতির মাধ্যমে প্রতিবন্ধী মেডিকেল সনদ সংগ্রহ করে তা পরে সমাজসেবা অফিসে জমা দিয়ে প্রতিবন্ধী ভাতার তালিকায় নাম লিখিয়েছেন।
