ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি ৬ বিচারপতির বেঞ্চে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০২:৪৭ এএম

বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন শুনবেন ৬ বিচারপতির আপিল বেঞ্চ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ সিদ্ধান্ত দিয়েছে।

সাড়ে ছয় বছরের বেশি সময় আগে আপিল বিভাগ এ মামলায় রায় দেয়। তখন আপিল বিভাগে বিচারপতি ছিলেন সাতজন। এখন বিচারপতি রয়েছেন ছয়জন। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদন এই ছয়জনের বেঞ্চে শুনানি হতে পারে কি না প্রশ্ন তোলেন রিটকারীদের আইনজীবী। এ বিষয়ে আট জ্যেষ্ঠ আইনজীবীর সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গতকাল এ আদেশ দেয় সর্বোচ্চ আদালত।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ছাড়াও মতামত দেওয়া অন্য আইনজীবীরা হলেন, আজমালুল হোসেন কেসি, কামরুল হক সিদ্দিকী, প্রবীর নিয়োগী, মোমতাজ উদ্দিন ফকির, মুরাদ রেজা, তানজিব-উল আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

আইনজীবীদের সংখ্যাগরিষ্ঠ মত দিয়ে বলেন, ছয়জন বিচারপতি রিভিউয়ের এ আবেদন শুনতে পারবেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও রিট আবেদনকারীদের পক্ষে মনজিল মোরসেদ উপস্থিত ছিলেন।

২০১৬ সালের ৫ মে হাইকোর্টের একটি বৃহৎ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী বাতিল ও অবৈধ বলে রায় দেয়। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে ২০১৭ সালের ৪ জানুয়ারি আপিল করে রাষ্ট্রপক্ষ। ওই বছরের ৩ জুলাই হাইকোর্টের রায় বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ। পরে একই বছরের ডিসেম্বরে আপিল বিভাগের এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ।

রিভিউয়ের শুনানিতে বেশ কয়েকটি তারিখ ধার্যের পর গত ১৬ নভেম্বর বিষয়টি শুনানির জন্য উঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত