বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস স্থূল হস্তক্ষেপ করছেন বলে মনে করছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার ভাষ্য, গত অক্টোবর মাসের শেষের দিকে পিটার হাস সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা করতে বিরোধী দলের একজন সদস্যের সঙ্গে দেখা করেন।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের রাশিয়া দূতাবাসের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) থেকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পোস্ট রিটুইট করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ছবি সংবলিত ওই পোস্টে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, নির্বাচন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে চাওয়ার আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো।
মারিয়া জাখারোভা সেখানে বলেন, অক্টোবরের শেষে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা করতে বিরোধী দলের একজন সদস্যের সঙ্গে দেখা করেন। এ ধরনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ।
এদিকে বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করছে, গত বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে বাংলাদেশে পিটার হাসের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে। সে সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এই চেষ্টা বারবার প্রকাশ্যে তুলে ধরছে রাশিয়া। বাংলাদেশে তিনি যা করেছেন তা একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ।
রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপকে কেন্দ্র করে দেশের নানা মহলে চলছে আলোচনা-সমালোচনা। এবার আন্তর্জাতিক মহলেও পিটার ডি. হাসের ভূমিকা নিয়ে সমালোচনা করা হলো।
অবশ্য গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছিলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখছে। এটা খুবই কঠিন বিষয়। বাংলাদেশ রাশিয়ার সঙ্গে যে পারমাণবিক চুক্তি করেছে এবং ভারতের সঙ্গে যেসব চুক্তি করছে, সেগুলো নিয়ে ওয়াশিংটনের কোনো সমস্যা নেই। ওয়াশিংটন কখনোই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।
