দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে মনোনয়নপ্রত্যাশীর ভিড়েও দলের সভাপতি শেখ হাসিনাসহ অন্তত ১১ জনের বিপরীতে আর কোনো মনোনয়ন ফরম জমা পড়েনি। অর্থাৎ এসব আসনে তাদের প্রার্থিতা অনেকটা চূড়ান্ত। দলটির মনোনয়ন ফরম বিক্রির বুথ থেকে এ তথ্য পাওয়া গেছে।
মনোনয়ন ফরম বিক্রির বুথ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির নেতারা। এর মধ্যে গোপালগঞ্জ-৩ আসনের জন্য অন্য কেউ নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে ফরম তোলেননি। একই তালিকায় রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। জানা গেছে, ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিপরীতেও আওয়ামী লীগের অন্য কোনো মনোনয়নপ্রত্যাশী ফরম তোলেননি।
দলীয় প্রতিদ্বন্দ্বীহীন প্রার্থী তালিকায় আরও আছেন কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (মাদারীপুর-১), নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪), বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১), শেখ সালাউদ্দিন (খুলনা-২), শেখ তন্ময় (বাগেরহাট-২) ও ঢাকা-৩ আসনে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
