কুমিল্লা-৯ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করায় মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার মজুমদারের ওপর হামলা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এরপর সেখান থেকে বের হলে সামনের সড়কে তাকে মারধর করা হয়। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
এ ঘটনায় ভুক্তভোগী গোলাম সরওয়ার রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি নির্বাচন অফিসের সামনের সড়কে গেলে কিছু লোক তার ওপর আকস্মিক হামলা করে। তার সঙ্গে থাকা কয়েকজন কর্মীকেও মারধর করা হয়।
এমনকি তিনি মনোনয়নপত্র দাখিল করতে গেলে হত্যা করা হবে হুমকি দেন। তারা গালাগাল করছিলেন আর বলছিলেন, ‘কামাল ও মহব্বতের নির্দেশ ছাড়া কেন মনোনয়নপত্র কিনেছেন তিনি।’
এদিকে এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, মাস্ক পরিহিত এক ব্যক্তি প্রথমে হামলা করেন। পরে আরও কয়েকজন মিলে গোলাম সরওয়ার মজুমদারকে কিল–ঘুষি মারেন।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
